মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. সাহাদাত আলীর নেতৃত্বে একটি দল মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং পলাশবাড়ী আড়গাড়াহাট গ্রামের মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।
পুলিশের দাবি, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, চোরাচালান ও দস্যুতা দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।