মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর থানায় দায়ের করা ধর্ষণের চেষ্টা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ ওবায়দুর রহমান ও এসআই (নিঃ) মোঃ রুস্তম আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানার জয়নগর আড়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রাজবাড়ী সদর থানার মামলা নং-২৫, তারিখ ১৬ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় দায়ের করা ধর্ষণের চেষ্টা মামলার আসামি সদর উপজেলার শহীদ পাচুরিয়া গ্রামের নিরাঞ্জন মন্ডলের ছেলে মিঠুন মন্ডলকে (২২) গ্রেফতার করা হয়।
রাজবাড়ী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার (৩১ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।