নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দলীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশও জারি করেছে দলটি।
শুক্রবার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষর করেন।
দলীয় সূত্রে জানা যায়, গাজী সালাউদ্দিন তানভীরের সাম্প্রতিক কিছু বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্য দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী বলে অভিযোগ ওঠে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুসারে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে। নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত ব্যাখ্যা, প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ জমা দিতে বলা হয়েছে।
এটি প্রথমবার নয়। এর আগেও গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পর তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। সে সময় একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জেলা প্রশাসক নিয়োগে প্রভাব খাটানো এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবইয়ের কাগজ সরবরাহে কমিশন বাণিজ্যের অভিযোগের বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়েও কারণ দর্শাতে বলা হয়।
পরবর্তীতে তদন্ত ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে আগের দায়িত্বে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে গাজী সালাউদ্দিন তানভীরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।