মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ, ২ আগস্ট: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির চকপাড়া বিওপি থেকে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানে উত্তর ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুস সালাম (৪০), পিতা মো. কেতাব উদ্দিনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত ইয়াবা, মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।