নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে করা একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানী থেকে তাকে আটক করা হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলার ভিত্তিতে ভোররাতের দিকে তানভীরকে গ্রেফতার করা হয়। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট পোস্টটি প্রকাশের পর দল বিষয়টি গ্রহণযোগ্য মনে না করায় তানভীর তা মুছে ফেলেন এবং পরবর্তী এক পোস্টে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার আশ্বাসও দেন।
সারজিস আলমের অভিযোগ, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরও তানভীরকে গ্রেফতার করা হয়েছে, যা রাজনৈতিকভাবে উদ্বেগজনক। একই সঙ্গে তিনি বিএনপির বর্তমান ভূমিকারও সমালোচনা করেন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন।
তিনি আরও অভিযোগ করেন, সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির এক কর্মীর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়েও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। দলের কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী, কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এটি প্রথমবার নয়। এর আগেও ২০২৫ সালে সরকারি নিয়োগে অনিয়ম ও পাঠ্যবইয়ের কাগজ ক্রয়সংক্রান্ত কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পর তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি পুনরায় সাংগঠনিক দায়িত্বে ফিরে আসেন।