১১ দফা দাবিতে সচিবালয়মুখী মিছিল, পুলিশের ব্যারিকেডে আটকালো ১১-দলীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক:

গণভোটের রায় বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার দুপুরে অবস্থান কর্মসূচি শেষ করে বেলা প্রায় ১২টা ৪০ মিনিটে মিছিলটি সচিবালয়ের উদ্দেশে রওনা হয়। জিরো পয়েন্ট অতিক্রম করার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে মিছিলের অগ্রযাত্রা থামিয়ে দেন। ফলে সেখানে কিছু সময় অবস্থান নেন আন্দোলনকারীরা।

সমাবেশে উপস্থিত বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তারা জনগণের বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরতে এসেছেন। তবে সংশ্লিষ্ট কোনো প্রতিনিধি আলোচনায় না আসায় তিনি হতাশা প্রকাশ করেন। তিনি আরও পাঁচ মিনিট অপেক্ষার ঘোষণা দিয়ে বলেন, এর মধ্যেও সরকারের কেউ না এলে প্রতিবাদ জানিয়ে কর্মসূচি শেষ করা হবে।

১১-দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এসব সমস্যার সমাধান এবং ঘোষিত ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

বৃষ্টির মধ্যেও অনুষ্ঠিত এ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচি চলাকালে নেতারা সরকারের প্রতি দ্রুত জনদুর্ভোগ লাঘব এবং জনগণের দাবির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top