তনু হত্যা মামলা: হাফিজুর রহমানের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করে।

আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিশেষ অনুমতি নিয়ে চেম্বার আদালতে আবেদনটির শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্টের জামিনাদেশ আপাতত স্থগিত রেখে আসামিকে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ওই আদেশের পর ৪ আগস্ট সন্ধ্যায় তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

মামলার নথি অনুযায়ী, হাফিজুর রহমান গত ২৫ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং তনু হত্যাকাণ্ডের সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি অবসর গ্রহণ করেন।

চলতি বছরের ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন কুমিল্লায় আদালতে হাজির করার আগে তদন্তের স্বার্থে রাজধানীর সিআইডির ফরেনসিক পরীক্ষাগারে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

দীর্ঘদিন ধরে আলোচিত তনু হত্যা মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে। সর্বশেষ আদালতের এ আদেশের ফলে মামলার পরবর্তী আইনি কার্যক্রম নতুন পর্যায়ে পৌঁছেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top