দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সব হাসপাতালকে বাধ্যতামূলক নির্দেশ দিতে বললেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

সড়ক দুর্ঘটনা, ছিনতাই বা অন্য যেকোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিককে বাধ্যতামূলকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার নির্দেশনা জারির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন। প্রায় আট বছর আগে দায়ের হওয়া রিটের আংশিক নিষ্পত্তি করে আদালত এ নির্দেশনা প্রদান করেন।

মামলার সূত্র অনুযায়ী, ২০১৮ সালে রাজধানীতে পৃথক দুটি মর্মান্তিক ঘটনার পর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছিল। ওই আবেদনে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়েও নির্দেশনা চাওয়া হয়।

রায়ে আদালত বলেন, জরুরি অবস্থায় আহত ব্যক্তিকে চিকিৎসাসেবা দেওয়া থেকে কোনো হাসপাতাল বিরত থাকতে পারে না। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত একটি সার্কুলার জারি করে সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

এ ছাড়া আদালত ২০১৮ সালে প্রণীত সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা-সংক্রান্ত বিধানকে আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। আদালতের মতে, শুধু সড়ক দুর্ঘটনা নয়, ছিনতাই, সহিংসতা কিংবা অন্য যেকোনো দুর্ঘটনায় আহত ব্যক্তির ক্ষেত্রেও একই ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইন ও বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা উচিত।

রিটকারীর আইনজীবী জানান, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে ক্ষতিপূরণের বিষয়ে আদালত মত দিয়েছেন যে, এ ধরনের দাবির নিষ্পত্তি সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে করা যেতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে রাজধানীতে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত এক ব্যবসায়ী নিকটস্থ একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা না পেয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একই সময়ে পৃথক ঘটনায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান এক নারী। এসব ঘটনার পরই আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে আদালতের শরণাপন্ন হন মানবাধিকারকর্মীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top