আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের মধ্য ও পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর একাধিক সামরিক অবস্থানে হামলার ঘটনায় অন্তত ৩০ সেনাসদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অর্ধশতাধিক সদস্য আহত হয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মারিব ও হাদরামাউত প্রদেশে অবস্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে হামলার তথ্য নিশ্চিত করেছেন।
২০২২ সালের এপ্রিলে কার্যকর হওয়া অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এটিকে ইয়েমেনে সবচেয়ে বড় সহিংস ঘটনার একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওই যুদ্ধবিরতির মাধ্যমে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি আরবের নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সংঘর্ষ অনেকটাই কমে এসেছিল।
ইয়েমেনের সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে হতাহতের বিস্তারিত সংখ্যা প্রকাশ করেনি। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, প্রাণহানির পাশাপাশি বহু সেনা গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে হামলার দায় স্বীকার বা ঘটনার বিস্তারিত বিষয়ে হুথি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক একটি বড় সামরিক অভিযান নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী সানা দখলের মধ্য দিয়ে হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশত্যাগে বাধ্য হলে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে। দীর্ঘ এক দশকের সংঘাতের পরও দেশটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি এবং পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে।