নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রদর্শিত সরকারি তথ্যচিত্রকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তথ্যচিত্রে আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি ও ভিডিওসহ গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য স্থান না পাওয়ায় বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তথ্যচিত্রটি চূড়ান্ত অনুমোদনের আগে একাধিকবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে প্রদর্শন করা হয়। সে সময় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন অংশ পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়।
জানা গেছে, প্রাথমিক খসড়ায় জুলাই আন্দোলনের সূচনাপর্ব, বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন দৃশ্য এবং প্রথম শহীদ আবু সাঈদের ছবি ও ভিডিও অন্তর্ভুক্ত ছিল। তবে পরবর্তী পর্যায়ে ওই অংশগুলো বাদ দিয়ে তথ্যচিত্রের কাঠামোয় পরিবর্তন আনা হয়।
অভিযোগ রয়েছে, সংশোধিত সংস্করণে আন্দোলনের প্রাথমিক ঘটনাপ্রবাহের পরিবর্তে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মসূচি ও ভূমিকার ওপর তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে তথ্যচিত্রটি প্রদর্শনের পর বিষয়টি প্রকাশ্যে আসে। অনুষ্ঠান শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অভিযোগ করেন, তথ্যচিত্রে আন্দোলনের প্রকৃত ধারাবাহিকতা এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি।
সমালোচকদের দাবি, গণ-অভ্যুত্থানের প্রতীকী চরিত্র হিসেবে পরিচিত আবু সাঈদের ছবি ও ভিডিও বাদ দেওয়া এবং আন্দোলনের সূচনাপর্বের গুরুত্বপূর্ণ দৃশ্য অপসারণ তথ্যচিত্রের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এদিকে তথ্যচিত্রের বিষয়বস্তু নির্বাচন ও সম্পাদনা নিয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।