মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার এক ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে খোকসা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী শিশু নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোরটি শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বসাকুষ্টিয়া এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা গ্রহণ করে। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পাংশা মডেল থানায় মামলা নং-৫ হিসেবে রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. নাসিরুজ্জামান তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খোকসা থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, যেহেতু এ ঘটনায় একজন শিশু ভুক্তভোগী এবং অপর পক্ষও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু, তাই শিশু আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুসারে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।