গোয়ালন্দে বন্ধুকে হত্যার ২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে টাকা-পয়সার দেনা-পাওনা নিয়ে তর্ক-বিতর্কের জেরে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগে কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের প্রায় দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার কামরুল।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার সদর তেঁড়ার মোড় এলাকায় দুই বন্ধুর মধ্যে টাকা-পয়সার দেনা-পাওনা নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে শরিফুল ইসলাম হীরা গুরুতর আহত হন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছোরাটি ঘটনাস্থলে ফেলে কামরুল ইসলাম পালিয়ে যান।

পরে গুরুতর আহত শরিফুল ইসলাম হীরাকে পরিবারের লোকজন উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী সামছুন নাহার মুক্তার এজাহারের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা করা হয়। এরপর পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে গোয়ালন্দের ছোট ভাকলা এলাকা থেকে মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top