৩৫ বছর পর আবারও প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, ভোট ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক:

সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এগোচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সংসদীয় ব্যবস্থায় ফিরে ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেন। বদরুল হায়দার পেয়েছিলেন ৯২ ভোট।

১৯৯১ সালের ভোটের চিত্র

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদে বিএনপির ১৪০টি আসন থাকায় দলটির প্রার্থী স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠ সমর্থনের অবস্থানে ছিলেন। আওয়ামী লীগের আসন ছিল ৮৮টি। এ ছাড়া জাতীয় পার্টি ৩৫, জামায়াতে ইসলামী ১৮, বাকশাল ও সিপিবি পাঁচটি করে আসন পেয়েছিল।

সংসদে আরও কয়েকটি ছোট দলের প্রতিনিধিত্ব ছিল। ইসলামী ঐক্যজোট, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, এনডিপি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির একজন করে সদস্য ছিলেন। পাশাপাশি সংরক্ষিত নারী আসন ছিল ৩০টি।

তবে সংসদের সব সদস্য ওই নির্বাচনে ভোট দেননি। মোট ৬০ জন ভোটদান থেকে বিরত ছিলেন। জাতীয় পার্টি নির্বাচন বর্জন করেছিল। জামায়াতে ইসলামী ও সিপিবিও ভোট দেওয়া থেকে বিরত থাকে। অন্য কয়েকজন সংসদ সদস্যও ভোটকেন্দ্রে উপস্থিত হননি বা ভোট দেননি।

স্বতন্ত্র সদস্য নুরুল ইসলাম মনি ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আবদুর রহমান বিশ্বাসের পক্ষে ভোট দেন। অন্যদিকে গণতন্ত্রী পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে ভোট দেন।

এ ছাড়া ন্যাপের আব্দুল হাফিজ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, এনডিপির সালাহউদ্দিন কাদের চৌধুরী, জাসদের শাহজাহান সিরাজ এবং ইসলামী ঐক্যজোটের মাওলানা ওবায়দুল্লাহ ভোটদান থেকে বিরত ছিলেন। আওয়ামী লীগের আকতারুজ্জামান বাবু ভোটের সময় সংসদে উপস্থিত ছিলেন না।

২০ আগস্ট ভোট, তফসিল অনুযায়ী এগোচ্ছে প্রক্রিয়া

রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গত ৬ আগস্ট তফসিল ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট ভোট অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা ভোট দেবেন।

দীর্ঘ বিরতির পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রকাশ্য ভোটের আয়োজন হওয়ায় এবারের নির্বাচন বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা কতটা বহুমুখী হবে, তা নির্ভর করবে মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হওয়ার ওপর।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top