নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণসদৃশ ঘটনা ঘটেছে। এরপর ট্রাক থেকে তরল নাইট্রোজেন বেরিয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা ঘন সাদা ধোঁয়া বা কুয়াশার মতো আবরণে ঢেকে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার মোল্লা হোটেলের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, ট্রাকটি যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকায় মোল্লা হোটেলের কাছে পৌঁছানোর পর ট্রাকটির একটি অংশ হঠাৎ বিকট শব্দে ছিদ্র হয়ে যায়। এরপর ওই স্থান দিয়ে তরল নাইট্রোজেন বের হতে শুরু করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল। দুর্ঘটনার পর সেটির প্রায় পুরোটা বের হয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা বলেন, ট্রাকটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দ হয়। এর পরপরই ঘন সাদা কুয়াশার মতো গ্যাস দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা আবরণে ঢেকে যায়।
ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দা ও মহাসড়কে চলাচলকারী মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার জন্য অনেকে দ্রুত ঘটনাস্থল থেকে দূরে সরে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
তরল নাইট্রোজেনের মতো অত্যন্ত ঠান্ডা পদার্থ বহনকারী যানবাহনের নিরাপত্তা নিয়ে এর আগেও একই মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে। গত ২৫ জুলাই বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তরল নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গিয়েছিল।
পরপর এ ধরনের ঘটনায় মহাসড়কে তরল নাইট্রোজেন পরিবহনে ব্যবহৃত যানবাহনের নিরাপত্তাব্যবস্থা ও পরিবহন পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।