নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে হঠাৎ কয়েকজন ব্যক্তি মহাখালী বাস টার্মিনাল এলাকার সামনে মিছিল বের করেন। মিছিলটি দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলেও বিঘ্ন ঘটে।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেন। পরে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫), আশিকুল ইসলাম (২৪), আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মনির হোসেন (৪৮)।
বনানী থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন। তাদের কয়েকজন সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে আসেন। অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালানোর সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানান ওসি।
এ সময় স্থানীয় জনতার হাতে একজন আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর মহাখালী বাস টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।