নিজস্ব প্রতিবেদক:
শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীর সরকারি বাসভবন থেকে এক নারীসহ তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গভীর রাতে ওই বাসভবনে এক নারীর অবস্থান নিয়ে স্থানীয়দের সন্দেহের পর পুলিশ সেখানে গিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিস ভবনের তৃতীয় তলায় অবস্থিত সহকারী পরিচালকের বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখা যায়। পরে রাত গভীর হওয়ার পরও নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে তারা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে শেরপুর সদর থানার একটি দল ঘটনাস্থলে যায়। পরে সহকারী পরিচালক রুস্তম আলী ও ওই নারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ঘটনাটি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি যাচাই এবং দুজনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তাদের থানায় নেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে তার নাম ওজিলা বলে জানা গেছে।
ওসি সোহেল রানা বলেন, সরকারি একটি প্রতিষ্ঠানের ভবনে গভীর রাতে মানুষের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দুজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত তাদের আটকের বিষয়ে কোনো চূড়ান্ত অভিযোগ বা আইনগত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।