দুই বছর পর পূর্ণ সূর্যগ্রহণ, ইউরোপের আকাশে নামবে দিনের অন্ধকার

নিজস্ব প্রতিবেদক:

দুই বছর পর আবারও বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের ছায়ায় সূর্যের আলো পুরোপুরি ঢেকে যাবে। ফলে নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই সাময়িকভাবে অন্ধকার নেমে আসবে।

বিরল এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে ভালোভাবে উপভোগের সুযোগ পাবেন ইউরোপের বিভিন্ন অঞ্চলের মানুষ। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের পাশাপাশি উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকা থেকেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাওয়ার কথা রয়েছে।

১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ তৈরি হচ্ছে। এ কারণে জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও পর্যটকদের মধ্যে ঘটনাটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ ইতোমধ্যে গ্রহণ দেখার জন্য নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হয়েছেন।

তবে দর্শনার্থীদের আগ্রহের পাশাপাশি আবহাওয়া নিয়েও উদ্বেগ রয়েছে। কয়েকটি সম্ভাব্য পর্যবেক্ষণস্থলে বৃষ্টির আশঙ্কা থাকায় শেষ মুহূর্তে গ্রহণ দেখার সুযোগ কতটা পরিষ্কার হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। পূর্ণগ্রাস পর্যায় স্থায়ী হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের চাকতিকে পুরোপুরি ঢেকে ফেলে। পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আপাত আকার প্রায় একই রকম দেখায় বলেই এমন পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়।

নাসার তথ্য অনুযায়ী, প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। তবে এর সবগুলো পূর্ণগ্রাস নয়। পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল একটি মহাজাগতিক ঘটনা। গড়ে প্রতি দেড় বছর পরপর পৃথিবীর কোনো না কোনো অঞ্চল থেকে এমন গ্রহণ দেখা যায়।

সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। এবার ইউরোপকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেই বিরল মহাজাগতিক দৃশ্যের নতুন মঞ্চ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top