তথ্য বিভ্রান্তির সুযোগ দেবে না সরকার: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক:

সরকারের নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে নির্ভুল পরিসংখ্যান নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশের সুযোগ থাকবে না।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস: পলিসি, পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিজ’ শীর্ষক সম্মেলনে দেশের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আমির খসরু বলেন, সরকারের জন্য সঠিক তথ্য-উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া বাস্তবভিত্তিক জননীতি প্রণয়ন করা সম্ভব নয়। তাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) যথাযথ তথ্য দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, অতীতে পরিসংখ্যানের ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য জনগণের সামনে এসেছে—এমন অভিযোগ থাকলেও বর্তমান সরকারের সময়ে তা গ্রহণযোগ্য হবে না। সরকার সঠিক তথ্যের ভিত্তিতেই নীতি নির্ধারণ করতে চায়।

মূল্যস্ফীতির সর্বশেষ পরিসংখ্যান নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট উপাত্ত একাধিকবার যাচাই করা হয়েছে। চাল ও মাংসসহ বিভিন্ন পণ্যের দাম কমার তথ্যও তিনি নিজে যাচাই করেছেন বলে জানান।

আমির খসরু বলেন, মূল্যস্ফীতির সর্বশেষ হিসাব প্রকাশের আগে একাধিক বৈঠক করে তথ্য পর্যালোচনা করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পরই নতুন পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সঠিক পরিসংখ্যানের ভিত্তিতে অর্থনৈতিক পরিকল্পনা ও সরকারি নীতি প্রণয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকারের হাতে নির্ভুল তথ্য না থাকলে কার্যকর সিদ্ধান্ত নেওয়া কঠিন। তাই পরিসংখ্যানের মান ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা জরুরি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, মূল্যস্ফীতি কীভাবে পরিমাপ ও হিসাব করা হয়, সে বিষয়ে সাংবাদিকদের বিস্তারিতভাবে অবহিত করা হবে। মূল্যস্ফীতি নির্ধারণের পুরো প্রক্রিয়া প্রকাশ করা হলে সরকারি পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়ে থাকা প্রশ্নগুলোরও উত্তর পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

তিন দিনের জাতীয় সম্মেলনে সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা, এসডিজি বাস্তবায়ন, নীতিনির্ধারণ, অংশীদারত্ব এবং অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনেরা মতবিনিময় করেন। বুধবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top