রাষ্ট্রপতি পদে আজ বিএনপির প্রার্থী চূড়ান্ত, আলোচনায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দলগুলোর মধ্যে চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ। আজ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির রাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন পর্যায়ের সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় শেষ মুহূর্তে অন্য কোনো নাম সামনে আসার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহলের কেউ কেউ।

এরই মধ্যে বুধবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ হয়েছে। এ সাক্ষাতের পর রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়নের আলোচনা আরও জোরালো হয়েছে।

আজই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিএনপির পক্ষ থেকে দুপুরের আগেই দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। তার পক্ষেও আজ মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে রাজনৈতিক ও আইনগত পর্যায়ে আলোচনা থাকলেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ সংসদ সদস্যদের নেই। ফলে সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটির প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

দলীয় সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের বিষয়ে বিএনপির চেয়ারম্যানের ওপর সিদ্ধান্তের দায়িত্ব আগেই ছেড়ে দিয়েছিল স্থায়ী কমিটি। এরপর দলের নীতিনির্ধারণী পর্যায়ে একাধিক নাম নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত মির্জা ফখরুলের নামই এগিয়ে রয়েছে। তার প্রার্থিতা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্রে প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষর প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মির্জা ফখরুল ইতোমধ্যে এ ধরনের নথিতে স্বাক্ষর করেছেন। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নকে সামনে রেখে আজ সকালে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ওই বৈঠক হওয়ার কথা। দলীয় প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক নির্ধারণসহ নির্বাচনী আনুষ্ঠানিকতা নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বুধবার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজের পাশাপাশি কর্মকর্তা ও দলীয় নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। এ সময় কয়েকজন তাকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে শুভেচ্ছাও জানান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে আসার পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনও। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। সেই তফসিল অনুযায়ী ২০ আগস্ট ভোটের দিন নির্ধারিত হয়েছে।

এ পর্যন্ত রাষ্ট্রপতি পদে তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে—বিএনপির পক্ষ থেকে দুটি এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে একটি। সব প্রক্রিয়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোলে ৩৫ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয়বারের মতো সরাসরি সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি তৈরি হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top