নিজস্ব প্রতিবেদক:
সরকার গঠনের ছয় মাস না পেরোতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় ধরনের দায়িত্ব পুনর্বণ্টনের আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হওয়ার পর তার হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা চলছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের পর সচিবালয় ও রাজনৈতিক মহলে মন্ত্রিসভার সম্ভাব্য এই রদবদল নিয়ে আলোচনা জোরালো হয়। তবে এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল তার বর্তমান সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।
আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি সামনে এসেছে, তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তাকে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা হচ্ছে।
অন্যদিকে সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। সে ক্ষেত্রে বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
এমনটি হলে সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নেতৃত্বে একসঙ্গে পরিবর্তন আসবে। পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও নতুন করে বণ্টন করতে হবে।
নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র বলছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে যেন নেতৃত্বের শূন্যতা তৈরি না হয় এবং প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় থাকে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই সম্ভাব্য দায়িত্ব পুনর্বণ্টন নিয়ে আলোচনা হচ্ছে। তবে রাজনৈতিক সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়। এরপর তিনি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে তার বর্তমান মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন অনিবার্য হয়ে পড়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এখন মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও তার ছেড়ে দেওয়া মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাচ্ছে এবং এর ফলে মন্ত্রিসভায় আরও কোনো পরিবর্তন হচ্ছে কি না, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।