নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের লিকেজের ঘটনায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায়। নিহত অপর শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, সকালে শিপইয়ার্ডের একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় জাহাজের একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। গ্যাসের প্রভাবে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জাহাজের ভেতরে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে সেখান থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার সময় আরও দুজন মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলমও পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর শিপইয়ার্ডে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জাহাজের ট্যাংকে কী ধরনের বিষাক্ত গ্যাস জমেছিল এবং সেটি কীভাবে লিক হলো, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা রয়েছে।