গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহিদ ফারুক সড়কে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যেই এনসিপি গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল। পরবর্তী সময়ে নির্বাচনী প্রক্রিয়াতেও তারা অংশ নেয়। জনগণকে গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, জনগণের ভোটে যে রায় এসেছে, সেটি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারকে রাজনৈতিকভাবে জবাবদিহির মুখে পড়তে হবে।

বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হলে তাদের কর্মকাণ্ডকে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করা হবে। তার অভিযোগ, জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং এতে প্রাণ হারানো মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সরকার প্রতারণা করছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকটে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য পরিচালনাও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, এসব সমস্যার সমাধান করতে না পারলে জনগণের কাছে তাদের জবাব দিতে হবে। বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি ও লুটপাটের জন্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

লোডশেডিং পরিস্থিতির সমালোচনা করে তিনি দাবি করেন, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যেই দেশে বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে। এ সময় তিনি ২০০১ থেকে ২০০৬ সালের বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন।

নাহিদ ইসলামের বক্তব্যে দেশের রাজনৈতিক সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশসহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যক্রম নিয়ে অসন্তোষের বিষয়টি উঠে আসে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top