অবসর ও কল্যাণ সুবিধার ২,০৩৫ কোটি টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ একসঙ্গে পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা শনিবার (১৫ আগস্ট) একযোগে তাদের প্রাপ্য অর্থ পেতে যাচ্ছেন।

শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের পাওনা পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই অর্থ পরিশোধ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা অবসর ও কল্যাণ সুবিধার বকেয়া পরিশোধে নেওয়া উদ্যোগের অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় একই সময়ে অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে এই অর্থ জমা হবে।

দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাওয়ার অপেক্ষায় ছিলেন। বকেয়া অর্থ পরিশোধের এই উদ্যোগ তাদের আর্থিক অনিশ্চয়তা কিছুটা কমাবে বলে আশা করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এককালীন অর্থ ছাড়ের মাধ্যমে দীর্ঘদিনের জমে থাকা পাওনা নিষ্পত্তির প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। শনিবার থেকে সংশ্লিষ্ট শিক্ষকরা তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে নির্ধারিত অর্থ পাওয়ার কথা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top