যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হওয়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারছে না।

শনিবার (১৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কের লং আইল্যান্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইরানের সামরিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ইরান বর্তমানে বড় ধরনের পরাজয়ের মুখে রয়েছে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ রয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন অনুমোদন ছাড়া কোনো জাহাজ বর্তমানে ওই জলপথ ব্যবহার করতে পারছে না।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহনে এই জলপথের ওপর নির্ভর করতে হয় বিভিন্ন দেশকে।

তবে ইরানকে ঘিরে সামরিক সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে প্রণালিটির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন করে কূটনৈতিক ও ভূরাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

তবে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে ট্রাম্প কী ধরনের পদক্ষেপ নিতে চান, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top