নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় খাবার বিতরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মিরাজুল এবং সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী ফজলুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে শনিবার ভোরে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির গতিবিধি পুলিশের সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেনও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তবে খাবার বিতরণের উদ্দেশ্য, এর সঙ্গে আর কারা জড়িত ছিলেন এবং আটকদের বিরুদ্ধে পরবর্তী সময়ে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।