নিজস্ব প্রতিবেদক:
দেশের অব্যবহৃত ও পরিত্যক্ত পুকুর, বিল, হাওর-বাঁওড়সহ বিভিন্ন জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, জলাশয়সমৃদ্ধ বাংলাদেশের এই প্রাকৃতিক সম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে মাছ উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিপুলসংখ্যক মানুষকে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত করা সম্ভব।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় অনেক পুকুর ও জলাশয় দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব জলাশয় পুনঃখনন ও সংস্কার করে তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়া গেলে তারা মাছ চাষসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজে যুক্ত হতে পারবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তরুণদের জলাশয়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে কীভাবে আরও বেশি সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মৎস্য খাত শুধু মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করছে না, একই সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে।
মৎস্য খাতের আন্তর্জাতিক বাণিজ্যিক সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ প্রায় ৫২টি দেশে আনুমানিক ৬ হাজার কোটি টাকা মূল্যের মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করেছে। এই খাতের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আরও বাড়াতে পারলে দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের আগে সরকারি কার্প হ্যাচারিতে পোনা মাছ অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। সেখানে মাছ ধরার কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আচমিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আচমিতা জর্জ ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে দেশের সফল মৎস্যচাষি, উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের ১৪ জনকে স্বর্ণপদক ও ক্রেস্ট দেওয়া হয়।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন।