বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাকৃবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, “গণতন্ত্রের মা” ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত হাজী সালেহ উদ্দিন নূরুল উলুম মাদ্রাসায় আসরের নামাজের পর এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শাহীন আলম, যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু, যুগ্ম আহ্বায়ক মো. নুরনবী হোসেন, যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শামীম রেজা, যুগ্ম আহ্বায়ক দানিয়েল ইবনে আহাম্মেদ, সদস্য সাকলাইন হোসেন সাকিব, সদস্য সাকিব আহাম্মেদসহ বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তব্যে বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শাহীন আলম বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাঁর সারাটি জীবন উৎসর্গ করেছেন। তিনি দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর আপোষহীন নেতৃত্বের কারণেই দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। তাঁর আত্মত্যাগ ও সংগ্রাম আমাদের জন্য আদর্শ। সেই আদর্শ বুকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্রদল দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে বদ্ধপরিকর।

বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু বলেন, আমাদের আপোষহীন দেশনেত্রী আজ শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া সংগ্রামের ইতিহাস, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার সংগ্রামের চেতনাকে ধারণ করে আমরা একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যাব।

 

যুগ্ম আহ্বায়ক মো. নুরনবী হোসেন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম প্রধান নেত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জনগণের স্বার্থে নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্রের জন্য আত্মত্যাগ দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভবিষ্যতেও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে।

এসময় যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শামীম রেজা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শিক দৃঢ়তা, দেশপ্রেম এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর আদর্শকে ধারণ করে শিক্ষার্থী সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে চাই।

মাহফিল শেষে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মহান আল্লাহর নিকট তাঁকে জান্নাতুল ফেরদৌস দান এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top