মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নির্বাচিত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মৎস্য উৎপাদন, জলাশয় সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস, মৎস্য কর্মকর্তা রতন কুমার শাহা, কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, প্রানি সম্পদ কর্মকর্তা ডঃ কানিজ ফারজানা, গুরুদাসপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. দুলাল সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক মাহামুদুজ্জামান সোহাগ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য খাতের উন্নয়ন ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।