ছয় মাসের কাজে পুরোপুরি সন্তুষ্ট নই, সুফল পেতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এ সময়ে ঢাকা নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, খাল-লেক সংস্কার এবং সড়ক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হয়েছে বলে দাবি করেছেন তিনি। এসব উদ্যোগের বাস্তব সুফল দৃশ্যমান হতে আরও কিছুটা সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গিয়ে মীর শাহে আলম বলেন, সময়ের বিবেচনায় ছয় মাস খুব বেশি নয়। এই সময়ের মধ্যে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, বিভিন্ন খাল ও লেক সংস্কার এবং রাস্তাঘাটের উন্নয়নে কাজ শুরু হয়েছে। তবে পরিকল্পনা বাস্তবায়নের ফল সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে আসতে আরও সময় প্রয়োজন।

ঢাকার জলাবদ্ধতা ও জলজট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে নগরীতে পানি জমার সমস্যা এবার তুলনামূলকভাবে কম সময় স্থায়ী হয়েছে। তবে পরিস্থিতির পুরোপুরি সমাধান হয়নি এবং এ ক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতাও রয়েছে বলে স্বীকার করেন তিনি।

সরকারের সামগ্রিক ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে মীর শাহে আলম বলেন, তারা এখনো পুরোপুরি সন্তুষ্ট নন। তবে ইতোমধ্যে শুরু হওয়া প্রকল্প ও কার্যক্রম মাঠপর্যায়ে দৃশ্যমান হলে পরিস্থিতির উন্নতি বোঝা যাবে।

তিনি জানান, নতুন সরকারের কর্মপদ্ধতি ও অগ্রাধিকার বুঝে নিতে শুরুতে কিছুটা সময় লেগেছে। একইভাবে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও সরকারের নতুন কর্মধারা ও কাজের ধরন বুঝতে সময় প্রয়োজন হয়েছে। এসব কারণে কিছু উদ্যোগ বাস্তবায়নে স্বাভাবিকভাবেই সময় লেগেছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্পের কাজ এগিয়ে চলছে। কিছু উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে এবং কিছু প্রকল্প অর্থসংক্রান্ত অনুমোদনের পর্যায়ে আছে।

সারা দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যেও সরকার কাজ করছে বলে জানান তিনি। গত ছয় মাসে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতিকে বড় বাধা হিসেবে দেখছেন তিনি। তার মতে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে পরিচালনা করা কঠিন।

মীর শাহে আলম আশা প্রকাশ করেন, চলতি অর্থবছরের নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করলে এসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের সেবার মানও উন্নত হবে বলে মনে করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top