রাজবাড়ীর পাংশায় গভীর রাতে ৩ জুয়েলারি ও ওষুধের দোকানে ডাকাতি, লুট ২১ লাখ ২৫ হাজার টাকা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী  প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে গভীর রাতে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল মার্কেটের নাইটগার্ডদের হাত-মুখ বেঁধে দোকানের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা, নাকফুল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। দোকান মালিকদের হিসাব অনুযায়ী, চারটি দোকান থেকে প্রায় ২১ লাখ ২৫ হাজার টাকার মালামাল ও নগদ টাকা লুট হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ডাকাতির ঘটনা ঘটে।
দোকান মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার সময় মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা নাইটগার্ড কালু ও জাকিরকে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের মুখোশধারী ডাকাতদল হাত ও মুখ বেঁধে ফেলে। পরে তারা মার্কেটের একের পর এক দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়।

ডাকাতরা প্রথমে গ্যারান্টি জুয়েলার্সে প্রবেশ করে প্রায় দেড় ভরি স্বর্ণ, ৬৫ ভরি রুপা ও ৭০টি নাকফুলসহ আনুমানিক ৬ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এরপর সুস্মিতা জুয়েলার্সের তালা কেটে প্রায় ৮ আনা স্বর্ণ, ২৯ ভরি রুপা ও ২০টি নাকফুলসহ আনুমানিক ২ লাখ ১৫ হাজার টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা।

লক্ষী জুয়েলার্স থেকে প্রায় দেড় ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপাসহ আনুমানিক ১১ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।
এ ছাড়া রাহুল ফার্মেসির তালা কেটে ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা।

দোকান মালিকদের দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, চারটি দোকান থেকে সর্বমোট প্রায় ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণ, রুপা, নাকফুল ও নগদ টাকা লুট হয়েছে।

এদিকে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় হাট বনগ্রাম বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং বাজারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

পাংশা মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top