নিজস্ব প্রতিবেদক:
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অপর দুজন হলেন মির্জা সুমন ও রাকিব।
পুলিশ জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার ‘সর্বস্তরের ছাত্রজনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছিল। সোমবার বিকেলে কর্মসূচি ঘিরে কোর্ট মসজিদ এলাকায় কয়েকজন জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। এরপরও সংশ্লিষ্টরা সেখানে জড়ো হওয়ায় পুলিশ মাহদী হাসানসহ তিনজনকে আটক করে।
তবে ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে অন্য আন্দোলনকারীদের তেমন উপস্থিতি দেখা যায়নি বলে জানা গেছে। কোর্ট মসজিদ এলাকায় মাহদী হাসান, মির্জা সুমন ও রাকিব ছাড়া আন্দোলনকারীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের আটক করা হয়েছে। কর্মসূচি ও আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।