নিজস্ব প্রতিবেদক:
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতায় তাকে নতুন করে এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার ক্ষমতাবলে নাসিমুল গনিকে এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য কোনো পেশায় যুক্ত হওয়া এবং সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক না রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রাব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন। নতুন চুক্তির অন্যান্য শর্ত আগের নিয়োগের শর্ত অনুযায়ীই কার্যকর থাকবে বলে এতে জানানো হয়েছে।
নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক এক দিন আগে, গত ১৬ ফেব্রুয়ারি তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তর্বর্তী সরকার তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন্য সিনিয়র সচিব পদে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল। পরদিন তিনি দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং ওই বছরের ২৩ ডিসেম্বর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব নেন।
নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ওই ব্যাচের ১৪২ কর্মকর্তার মেধাক্রমে তার অবস্থান ছিল চতুর্থ। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
প্রায় চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়। পরবর্তী সময়ে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে তিনি আবার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরে আসেন।