নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তার জামিনও বহাল রয়েছে।
সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ দেশত্যাগের বিষয়ে এ নির্দেশ দেন।
আদালতের আদেশের পর খায়রুল হক যেকোনো সময় কারামুক্ত হতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে বনানী থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় খায়রুল হকের জামিন মঞ্জুর হয়েছিল। সর্বশেষ ওই মামলাতেও তার জামিন বহাল রেখেছে চেম্বার আদালত। সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের এ বিষয়ে আদেশ দিয়েছিলেন।
এর আগে গত ২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক এই প্রধান বিচারপতির জামিন বহাল রাখে চেম্বার আদালত। পরে বনানী থানায় দায়ের করা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এর আগে গত ৩০ জুন খোয়াইব হত্যা মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন।
খোয়াইব হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছিল এরও আগে। গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পাওয়ার পর তাকে নতুন করে যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ বিষয়ে আদেশ দেন।
মামলাটিতে গত ১৬ মে খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল।
সোমবারের আপিল বিভাগের আদেশ এবং বনানী থানার মামলায় জামিন বহাল থাকায় সাবেক প্রধান বিচারপতির কারামুক্তির আইনি বাধা অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন তার আইনজীবী। তবে দেশত্যাগের ক্ষেত্রে আদালতের অনুমতির শর্ত বহাল থাকবে।