নিজস্ব প্রতিনিধি:
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নাওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
তিনি জানান, বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানি দিপাবলি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে সেখান থেকে বের হয়ে তিনি মায়ের প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদনটি জমা দেওয়া হয়।
আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক দিনের জন্য, অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুক্তির অনুমোদন দিয়েছে।
দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নাওয়াজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
স্বামীর মৃত্যুর পর তার জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ১২ ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামীর অসুস্থতার সময়ও তাকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল বলে জানা গেছে। এবার তৌফিক নাওয়াজের মৃত্যুর পর তার জানাজা ও দাফনে অংশ নিতে সেই আবেদন অনুমোদন পেল।