নিজস্ব প্রতিনিধি:
ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ এ তথ্য জানিয়েছেন।
পরিচয় শনাক্ত হওয়া পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন কুষ্টিয়ার এবং একজন ঢাকার সাভারের বাসিন্দা। তারা হলেন কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিম্মিন, শর্ণশিষ দত্ত, মো. আকরাম আলী এবং সাভারের আহমেদ বাবু।
বাংলাদেশের উপহাইকমিশন জানিয়েছে, স্থানীয় থানা ও মর্গে গিয়ে তথ্য সংগ্রহের পর পুলিশের সহযোগিতায় তাদের পরিচয় নিশ্চিত করা হয়। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
নিহতদের মধ্যে দেবাশিস দত্ত কুষ্টিয়ায় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও চ্যানেল নাইনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান টেলিভিশন, নাগরিক টিভিসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান দেবাশিস দত্ত ও তার পরিবারের চার সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
তবে বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তে স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর আহত ও নিহত বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এদিকে, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিক ও তাদের স্বজনদের সহায়তার জন্য উপহাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং নিহতদের বিষয়ে পরবর্তী কার্যক্রম সমন্বয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতার উপহাইকমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রেখেছে।