নিজস্ব প্রতিনিধি:
রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন, ভোট গণনা শেষে জাতীয় সংসদেই তার নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর আগে নির্বাচনী কর্মকর্তা হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের উদ্দেশে সিইসি বলেন, ব্যালটের মুড়ি অংশে ভোটারের নাম উল্লেখ থাকবে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করতে হবে। ব্যালট হাতে পাওয়ার পর তাতে প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, সেটিও যাচাই করে নিতে হবে।
তিনি জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা করা হবে। গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। এরপর সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদ কক্ষেই ঘোষণা করা হবে।
নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে সিইসি বলেন, সবাই মিলে নির্বাচন প্রক্রিয়াকে সফল করতে হবে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থীর অংশগ্রহণে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।