নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক হলেন বালিয়াকান্দির কৃতি সন্তান অধ্যাপক ডা. খসরু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনের মধ্যেই দেশের গুরুত্বপূর্ণ এই বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডা. মোঃ নুরুজ্জামান খান খসরু।
তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে বালিয়াকান্দির সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

নতুন ৫০০ শয্যার ভবন চালুর ফলে দেশের নিউরোলজি ও নিউরোসার্জারি রোগীদের চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক হিসেবে অধ্যাপক ডা. খসরুর নেতৃত্বে প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা আরও উন্নত হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

অধ্যাপক ডা. মোঃ নুরুজ্জামান খান খসরু দীর্ঘদিন ধরে নিউরোসার্জারি চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং নিউরোসার্জারিতে এমএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

২০০১ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদানের পর অধ্যাপক খসরু দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
শহীদনগর গ্রামের এই কৃতি সন্তান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁরা অধ্যাপক ডা. মোঃ নুরুজ্জামান খান খসরুর সাফল্য কামনা করে বলেছেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসাসেবা আরও আধুনিক, উন্নত ও বিস্তৃত হবে।

স্থানীয়দের প্রত্যাশা, দেশের নিউরোলজি ও নিউরোসার্জারি চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়নে অধ্যাপক খসরুর নেতৃত্ব নতুন মাত্রা যোগ করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top