মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের প্রকল্পভুক্ত ৩৭ জন নির্বাচিত সুফলভোগীর মধ্যে ১১১টি ভেড়া বিতরণ করা হয়েছে। সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে এ ভেড়া বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টায় কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সুফলভোগীদের হাতে ভেড়া তুলে দেওয়া হয়। প্রত্যেক সুফলভোগীকে তিনটি করে ভেড়া দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদউল্লাহ।
এ সময় কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মুনতাসির মাহমুদসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন বলেন, সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যেই ভেড়াগুলো বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলোর আয় বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
ভেড়া পেয়ে সুফলভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভেড়া লালন-পালনের মাধ্যমে নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন এবং ভবিষ্যতে আরও পশু পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।