বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে বঙ্গভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আমির খসরুর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনকেন্দ্রিক এলাকায় যানবাহন চলাচলে সাময়িক বিধিনিষেধ থাকবে।

শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের চলাচল নির্বিঘ্ন রাখতেই এই বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। আমন্ত্রিত অতিথিদের যানবাহন অবশ্য এসব বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সাধারণ যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা এলাকা থেকে রাজউক বা গুলিস্তানমুখী বাসগুলোকে বিকল্প পথে চলাচল করতে বলা হয়েছে। এসব বাস দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে গন্তব্যে যেতে পারবে। প্রয়োজন অনুযায়ী অন্য বিকল্প সড়কও ব্যবহার করা যাবে। একই সময়ে দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে বাম দিকে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট, ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফকিরাপুল ক্রসিং, শাপলা চত্বর ও ইত্তেফাক হয়ে চলাচলের পথও নির্ধারণ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে। তাই চালকদের বঙ্গভবনসংলগ্ন সড়ক এড়িয়ে সম্ভব হলে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ ভোটের মধ্যে ৩৪৩টি ভোট পড়ে। বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট।

নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। আজকের শপথের মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনে তার দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top