নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্ব বণ্টনের পরও আগের দায়িত্বে বহাল রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে শুক্রবার রাতেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।
আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হুমায়ুন কবিরের। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি দীর্ঘ সময় ধরে যুক্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু ও পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের হয়ে কাজ করেছেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শামা ওবায়েদ ইসলাম। নতুন দপ্তর বণ্টনের পরও তিনি একই পদে বহাল রয়েছেন। ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির—দুজন প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে পালন করবেন।
একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকায় প্রশাসনিক বা কার্যক্রম পরিচালনায় কোনো জটিলতা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, একই মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করলে অসুবিধা হওয়ার কথা নয়।
শুক্রবার মন্ত্রিসভার প্রথম বড় ধরনের রদবদলে চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
নতুন দায়িত্ব বণ্টনের ফলে সরকারের পররাষ্ট্রনীতিতে হুমায়ুন কবিরের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টনের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন কূটনৈতিক ও আন্তর্জাতিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।