রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন সুযোগ তৈরি হবে।

অভিনন্দন বার্তায় মাসুদ পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আইনপ্রণয়নকারী প্রতিষ্ঠান জাতীয় সংসদের সদস্যদের ভোটে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া তার নেতৃত্বের প্রতি সংসদ সদস্যদের আস্থার প্রতিফলন। একই সঙ্গে তার দূরদর্শিতা, দায়িত্ববোধ এবং গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে ভূমিকারও স্বীকৃতি এটি।

ইরানি প্রেসিডেন্ট বলেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা রয়েছে তেহরানের।

বার্তায় বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়েও গুরুত্বারোপ করেন পেজেশকিয়ান। দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে আরও বিস্তৃত করার জন্য ইরানের আগ্রহের কথা জানান তিনি।

দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট। তার ভাষায়, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই দেশ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট।

নির্বাচনের পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে। পরদিন শুক্রবার বঙ্গভবনে শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

তার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশ ও রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে অভিনন্দন বার্তা আসতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইরানের প্রেসিডেন্টও বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বার্তা দিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top