নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট শাখার সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।
আসনটি শূন্য হওয়ার বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য প্রজ্ঞাপনটি সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই আসনে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া বিষয়টি অবহিত করতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তিনি ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে রাষ্ট্রপতির পদে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তার সংসদ সদস্য পদ সাংবিধানিকভাবে আর বহাল থাকার সুযোগ নেই। ফলে ঠাকুরগাঁও-১ আসনে এখন উপনির্বাচনের পথ তৈরি হলো।
শুক্রবার বঙ্গভবনে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর এক দিন পরই তার সাবেক সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করল জাতীয় সংসদ সচিবালয়।