রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

রংপুর নগরীতে একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। গত বৃহস্পতিবারের পর থেকে পরিবারের কাউকে বাইরে দেখা যায়নি। শনিবার রাতের দিকে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় দোতলার ছাদে। তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থীর মরদেহ ছিল ছাদে ওঠার সিঁড়িতে। আর ছেলে প্রীয়মের মরদেহ পাওয়া যায় একটি খাটের নিচে।

ঘটনাস্থলে বাড়ির আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। এ কারণে ঘটনাটিকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত প্রীতিলতা চক্রবর্তীর বোন পূজা চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে সর্বশেষ পরিবারের সদস্যদের সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। এরপর শনিবার ফোনে যোগাযোগ না পেয়ে রাতে স্বামীকে সঙ্গে নিয়ে তিনি ওই বাড়িতে যান। সেখানে গিয়ে প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাকে কোতোয়ালি থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

রংপুর সিআইডির ইনচার্জ সুমিত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কোনো কারণ বলা সম্ভব নয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে রংপুর জিলা স্কুলের শিক্ষকতা থেকে অবসর নেন। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটের একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন।

তার মেয়ে প্রার্থী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন এবং সম্প্রতি পড়াশোনা শেষ করেছেন। ছেলে প্রীয়ম চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনে কী ছিল, কীভাবে চারজনের মৃত্যু হলো এবং বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ থাকার কারণ কী—এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top