১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা

নিজস্ব প্রতিনিধি:

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জন্য টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী হিসাবের মূল আমানত থেকে অর্থ তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফা থেকে কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিমের আওতায় আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া ইতোমধ্যে চলছে। তবে গ্রাহকদের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে আগামী মাসের শুরু থেকে অর্থ উত্তোলনে নতুন সুবিধা চালু করা হচ্ছে।

যেসব হিসাব থেকে টাকা তোলা যাবে

নতুন ব্যবস্থায় ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানত থেকে প্রয়োজন অনুযায়ী মূল অর্থ উত্তোলন করতে পারবেন।

এ ক্ষেত্রে বর্তমানে চালু থাকা অর্থ ফেরত স্কিমের নির্ধারিত বিধিনিষেধ আর প্রযোজ্য হবে না। নতুন সুবিধা কার্যকর করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মুনাফা থেকে কাটা হবে না অর্থ

আমানতের মুনাফা নিয়ে গ্রাহকদের মধ্যে যে অনিশ্চয়তা রয়েছে, সেটিও দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আমানতকারীদের প্রাপ্য মুনাফা থেকে কোনো অর্থ কেটে নেওয়া হবে না।

এর আগে সংসদে অর্থমন্ত্রীও আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ না দেওয়ার কথা জানিয়েছিলেন। এরপরও গ্রাহকদের মধ্যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি থাকায় ব্যাংক কর্তৃপক্ষকে প্রত্যেক আমানতকারীকে বিষয়টি স্পষ্টভাবে জানানোর নির্দেশ দিয়েছেন গভর্নর।

স্বাভাবিক কার্যক্রমে ফেরার তাগিদ

বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত রাষ্ট্রীয় মালিকানাধীন এই ইসলামী ব্যাংকের সব কার্যক্রম দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা একদিকে নিজেদের প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ ব্যবহারের সুযোগ পাবেন, অন্যদিকে মুনাফার অর্থ কর্তনের আশঙ্কা থেকেও মুক্ত থাকবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top