স্পিডব্রেকারে গতি কমতেই গৃহবধূর ব্যাগ টান, খোয়া গেল ১৮ লাখ টাকার গহনা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেলে থাকা এক গৃহবধূর হাত থেকে ভ্যানিটি ব্যাগ টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ছিনতাইকারীর বিরুদ্ধে। এ সময় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে আহত হয়েছেন ওই গৃহবধূ। ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, ৪ ভরি রুপার অলংকারসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল ছিল বলে অভিযোগ করেছেন তার স্বামী।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামের মৃত মোহাম্মদ ফকর উদ্দিনের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ উল্লাহ।

অভিযোগকারী জাহিদ উল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে তিনি তার স্ত্রী মোছা. শারমিন আক্তার (৩০)কে মোটরসাইকেলের পেছনে বসিয়ে শ্বশুরবাড়ি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে আলাদিপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে স্পিডব্রেকার পার হওয়ার সময় পেছন থেকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাদের কাছে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা শারমিনের হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়।

হঠাৎ ব্যাগ টান দেওয়ায় ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে সড়কের ওপর পড়ে যান শারমিন। এতে তিনি রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়।

জাহিদ উল্লাহর দাবি, ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগে ছিল একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন, দুটি স্বর্ণের ব্রেসলেট, তিন জোড়া কানের দুল, তিনটি আংটি, দুটি লকেটসহ চেইন, একটি টিকলি, এক জোড়া হাতের রুলি, এক জোড়া রুপার নূপুর, এক জোড়া রুপার বালা, নগদ ২ হাজার ৫০০ টাকা, একটি হাতঘড়ি, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র। সব মিলিয়ে ব্যাগে প্রায় ৮ ভরি স্বর্ণ ও ৪ ভরি রুপার অলংকারসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল ছিল।

তিনি আরও জানান, ঘটনার পর চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাদের সহায়তায় আহত স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। পরে বিষয়টি জানিয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top