মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার। একই সঙ্গে মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বালিয়াকান্দি উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া ও বাহিরচর এলাকায় মাদকবিরোধী অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রমকালে এসব কথা বলেন ওসি আব্দুর রব তালুকদার।
এদিন তিনি নিশ্চিন্তপুর পূর্বপাড়ার ডাবল ব্রিজ এলাকা ও বাহিরচর গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মাদকের ভয়াবহতা, এর কারণে সৃষ্ট সামাজিক অপরাধ এবং যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময়কালে ওসি আব্দুর রব তালুকদার বলেন, একসময় মানুষ অভাবের কারণে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধে জড়ালেও বর্তমানে মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এসব অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। ফলে মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সচেতন হতে হবে। মাদক সেবন ও বিক্রির বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
ওসি আরও বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে যেকোনো সময় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় শেষে ওসি আব্দুর রব তালুকদার গ্রামের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। স্থানীয়দের কাছ থেকে মাদক সেবন ও বিক্রির বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ খোকন সরদার, সাংবাদিক জুয়েল রানা, ফিরোজ আহমেদ, ঝন্টু মোল্লা, তোফাজ্জল মন্ডল, হযরত সরদার, এসআই শামসুল আলম, আলিমুদ্দিন মন্ডল, সঞ্জয় মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।