নীলফামারীতে ডিবি-র‌্যাবের অভিযানে মাদকসহ ৩ গ্রেপ্তার

মো. সাইফুল ইসলাম ,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী ও গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯০ পিস ট্যাপেন্টাডল ও ০.০৭ গ্রাম হেরোইন জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও র‌্যাব-১৩। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ ও ডোমার এবং গাইবান্ধা সদর উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, ২৭ আগস্ট রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর কাছারী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. রজিউল ইসলাম (২৮) নামে একজনকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে ১০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন এবং পরিবহনে ব্যবহৃত একটি Apache RTR-160 সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রজিউল দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে, র‌্যাব-১৩-এর নীলফামারী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট রাত ২টা ২৫ মিনিটে ডোমার উপজেলার সোনারায় আমিনুর হাজির মোড় এলাকায় অভিযান চালায়। র‌্যাবের দাবি, এ সময় ১৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ পারভেজ সোহেল (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এর প্রায় ৩৫ মিনিট পর রাত ৩টার দিকে র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল গাইবান্ধা সদর উপজেলার পূর্ব সবুজপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে ছয় পুরিয়া হেরোইন, যার ওজন ০.০৭ গ্রাম, এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হানিফ মিয়া (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩-এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ করা মাদকসহ অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top