নিজস্ব প্রতিনিধি:
ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্থার অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা শিশুর কথা উল্লেখ করে পরিস্থিতি শান্ত করার অনুরোধ জানানো হলেও হামলাকারীদের একজন শিশুটিকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন বাঁধন। ভিডিওটি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হাওলাদার মনিরুলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া বলে তার পোস্টে উল্লেখ করা হয়েছে।
ভিডিওতে কয়েকজনকে বাঁধনের সঙ্গে তর্কে জড়াতে এবং তার দিকে ডিম ছোড়ার কথা বলতে দেখা যায়। একই সঙ্গে তাকে ‘দেশদ্রোহী’ ও ‘জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করে নানা মন্তব্য করতেও শোনা যায়।
ভিডিওর একপর্যায়ে বাঁধনের গায়ে হাত তোলার দৃশ্য দেখা যায়। এ সময় আক্রমণকারীদের কয়েকজনকে বলতে শোনা যায়, তারা ‘জুলাই জঙ্গি’ এবং দেশের ধ্বংসের জন্য দায়ী। দেশের যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকিও দিতে শোনা যায় তাদের।
ঘটনার সময় বাঁধনের সঙ্গে থাকা শিশুর প্রসঙ্গও ভিডিওতে উঠে আসে। শিশুটির কথা বলে পরিস্থিতি থামানোর অনুরোধ করা হলেও একজনকে বলতে শোনা যায়, ‘কীসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।’
জানা গেছে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ভেনিসে অবস্থান করছেন বাঁধন। ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ইতালিতে গেছেন।
এদিকে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে। ৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা সোয়া ২টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় একই দিন সন্ধ্যা সোয়া ৬টায় প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।
সিনেমাটির প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। ছবিটির পরিচালনায় রয়েছেন রুবাইয়াত হোসেন।
বাঁধনের শেয়ার করা ভিডিও প্রকাশের পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে এ ঘটনায় ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে দেওয়া তথ্যের মধ্যে বিস্তারিত কিছু জানা যায়নি।