আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ শুরু হচ্ছে। এবারের অধিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশের কূটনীতিতে যুক্ত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এক বছরের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের উদ্বোধন করবেন তিনি। দায়িত্ব গ্রহণের মাধ্যমে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন খলিলুর রহমান। নতুন অধিবেশনের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর।

এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

অধিবেশন শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান। এ সময় জাতিসংঘে বাংলাদেশের কার্যালয়ের পক্ষ থেকে সাধারণ পরিষদের সভাপতির মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটে তিনি ৯৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পেয়েছিলেন ৯১ ভোট। ওই নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়েছিল।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি সংস্থাটির পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে বণ্টন করা হয়। ৮১তম অধিবেশনের ক্ষেত্রে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন খলিলুর রহমান। তার নির্বাচিত হওয়াকে দেশের কূটনৈতিক অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাংলাদেশ এর আগে একবার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিল। ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি এই পদে অধিষ্ঠিত হচ্ছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে সংস্থাটির ১৯৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিত্ব রয়েছে। এটি জাতিসংঘের প্রধান নীতিনির্ধারণী ও আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকারসহ বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সদস্যরাষ্ট্রগুলোর আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণে সাধারণ পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

খলিলুর রহমানের নেতৃত্বে ৮১তম অধিবেশন আগামী এক বছর বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা ও কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হিসেবে কাজ করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top