নিজস্ব প্রতিনিধি:
রাজধানীতে যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পি। পুলিশ বলছে, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে মতিঝিল থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাকে আটক করেন। অভিযানে রাকিবুল ইসলাম ভূইয়া রিজন নামের আরও একজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, যৌথ অভিযানের মাধ্যমে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের দাবি, তানিম রেজা বাপ্পি দীর্ঘদিন ধরে সুব্রত বাইনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অবৈধ অস্ত্রের নেটওয়ার্ক পরিচালনায়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে কুষ্টিয়া থেকে সুব্রত বাইনকে বাংলাদেশ সেনাবাহিনী গ্রেপ্তার করে। এরপর তার সংগঠনের বিভিন্ন সদস্য ও সহযোগীদের গতিবিধি নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, সাম্প্রতিক অভিযানের অংশ হিসেবেই বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত এবং তাদের সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।